কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদনের তারিখ পরিবর্তন করা হয়েছে। ১ সেপ্টেম্বরের পরিবর্তে ১০ সেপ্টেম্বর আবেদন শুরু হচ্ছে। আবেদন ফরম ১৫ অক্টোবর পর্যন্ত পূরণ করা যাবে। পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখ আগামী ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ বছর ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১৭টি বিভাগে মোট ৮০০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জানান, ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত রয়েছে। তবে কোন ইউনিটের পরীক্ষা কবে হবে তা এখনো নির্ধারিত হয়নি। কিছু জটিলতার কারণে আবেদন করার তারিখ ০১ সেপ্টেম্বরের পরিবর্তে ১০ সেপ্টেম্বর করা হয়েছে। টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট (www.cou.ac.bd) এ জানা যাবে।