দিয়েগো কস্তুার প্রশংসায় মরিনহো

 

স্প্যানিশ তারকা দিয়েগো কস্তার দুই গোলে গতকাল এভারটনের বিপক্ষে ৬-৩ গোলের দূর্দান্ত এক জয় তুলে নিয়েছে চেলসি। আর এই ম্যাচে পরিপূর্ণ স্ট্রাইকার হিসেবে নতুন রিক্রুট কস্তার ভূয়শী প্রশংসা করেছেন চেলসি ম্যানেজার হোসে মরিনহো। তবে স্প্যানিশ এই আন্তর্জাতিক খেলোয়াড়কে বেশ কয়েকবারই আঘাতের সুযোগ নিয়েছে প্রতিপক্ষ, যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন দ্য স্পেশাল ওয়ান।

গুডিসন পার্কে ব্রাজিলে জন্মগ্রহণকারী কস্তা প্রথম ও শেষ মিনিটে দুই গোল করে ব্লুজদের দাপুটে জয় নিশ্চিত করেন। এই নিয়ে তিন ম্যাচে চার গোল করলেন কস্তা। একইসাথে চেলসির জয়ের ধারাও অব্যাহত থাকলো। গ্রীষ্মকালীন ট্রান্সফার সুবিধাকে কাজে লাগিয়ে মরিনহো এ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ৩২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কস্তাকে দলে নিয়েছেন। গত মৌসুমে ৭১ গোল করা চেলসির জন্য কস্তার এই অন্তর্ভূক্তি নি:সন্দেহে বাড়তি উদ্দীপনা যোগাবে। যদিও এই সংখ্যা চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি (১০২) এবং রানার্স-আপ লিভারপুলের (১০১) তুলনায় অনেক কম। তবে মরিনহো আশা করছেন মৌসুমের শেষে এসে চেলসি যতটা হেলাফেলা করেছে সেটা এবার কাটিয়ে উঠতে পারবে।