নারায়ণগঞ্জ ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর রবিবার জেলার বিএনপি নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলেন, এটা বিচ্ছিন্ন ঘটনা। তৃতীয় কোন পক্ষ এ কাজটি করেছে। এ ঘটনায় বিএনপি থানায় সাধারণ ডায়েরি করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শনিবার রাত সোয়া ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে কয়েকজন যুবক ৪-৫টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় আশেপাশের দোকানপাট বন্ধ করে দেয়া হয়। জেলা বিএনপি কার্যালয় দুপুরে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ দলের নেতারা।
এ ঘটনায় নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বাদী হয়ে দুপুরে থানায় সাধারণ ডায়েরি করেন। এতে তিনি অভিযোগ করেছেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বোতলের ভেতরে দাহ্য পদার্থ ভরে সলতায় আগুন ধরিয়ে নিক্ষেপ করে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই মিজানুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।