রোববার রাত আটটার দিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সদর হাজিরহাট বাজারের অদূরে ফুরকানিয়া মাদ্রাসা এলাকায় রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেনের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় উপজেলা যুবলীগের সদস্য জুয়েলকে কুপিয়ে আহত করেছে। এ হামলার জন্য শিবিরকে দায়ী করেছে যুবলীগ-ছাত্রলীগ।
গুরুতর আহত দিদার হোসেন ও জুয়েলকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রলীগ নেতা দিদার হোসেনের আবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের চিকিত্সক।
জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও লক্ষ্মীপুর সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপু দাবি করেছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে দিদার হোসেনের পায়ের রগ কেটে দিয়েছে। এছাড়াও তারা জুয়েলকে কুপিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা উপজেলা সদরের হাজিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করেছে। ওই সময় জামায়াত-শিবির সমর্থকদের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। আতংকে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।