লক্ষ্মীপুরের কমলনগরে দুর্বৃত্তরা উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি দিদার হোসেনের বাম পায়ের রগ কেটে দিয়েছে।
উপজেলা ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব জানান, রবিবার রাত আটটায় উপজেলার ফোরকানিয়া নামক স্থানে ছাত্রলীগ নেতা দিদার হোসেনসহ দুই কর্মী সাদেক হোসেন সাজু ও জুয়েলকে মোটরসাইকেল থেকে নামিয়ে দুর্বৃত্তরা বেধম পিটায়। এ সময় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে দিদারের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে এবং পায়ের রগ কেটে দেয়।
হামলার খবর উপজেলা সদর হাজিরহাট বাজারে পৌঁছালে ছাত্র ও যুবলীগ নেতা-কর্মীরা এর প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে। ভাঙচুর করে জামায়াত-শিবির সমর্থকদের দোকান-পাট। লাঞ্চিত করে জামায়াতের চর ফলকন ইউনিয়নের নেতা ও ইউপি সদস্য মিজানুর রহমান মান্নাকে। উপজেলা আওয়ামী লীগ ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফয়েজ রগ কর্তনের বিষয়টি নিশ্চিত করে জানান, দিদার বর্তমানে আশঙ্কামুক্ত। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, পরিস্থিতি পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রনে রয়েছে।