বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির অপকর্মের গণশুনানি করতে ঐক্যফ্রন্ট নেতাদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নিজেদের অপকর্ম ঢাকতে বিএনপি একাদশ সংসদ নির্বাচন নিয়ে গণশুনানির নামে এক তামাশা মঞ্চস্থ করেছে। এই গণশুনানির আগে বিএনপির অপকর্মের গণশুনানি করতে হবে।
জেলার বিরলে প্রায় সোয়া দুই কোটি টাকা ব্যয়ে চারতলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে শনিবার দুপুরে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আগুন সন্ত্রাস সৃষ্টি করে ১৫০ জন মানুষকে হত্যা করেছেন, আপনাদের লজ্জা লাগে না। এখনো সেই আগুনে পুড়িয়ে মানুষ হত্যার জন্য আপনারা ক্ষমা চান নাই। যারা নিজেরা আগুন দিয়ে মানুষ হত্যা করে, তাদের মুখে চকবাজারে নিহতদের জন্য সহানুভূতি মানায় না।
খালিদ মাহমুদ আরো বলেন, কখনো ২০ দল, কখনও ঐক্য ফ্রন্ট, কখনও ঐক্য প্রক্রিয়া নামকরণ করে একের পর এক ফন্দি আঁটছেন তাতে কোন লাভ হবে না। বাংলার মানুষ বিএনপির অতীত কর্মকাণ্ডের সঠিক জবাব ভোটের মধ্যমে দিয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। ছবি: সংগৃহীত
ঐক্যফ্রন্টের গণশুনানি প্রসঙ্গে নৌ-প্রতিমন্ত্রী বলেন, আপনাদের জয়নুল আবেদীন ফারুক কী বলেছেন? তা আজকের গণমাধ্যমে এসেছে! আওয়ামী লীগের কৌশলের কাছে এবারের নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করায় বিএনপি হেরে গেছে। এহছানুল হক মিলনকে বাদ দিয়ে বিদেশের এক ব্যবসায়ীকে মনোনয়ন দেওয়ার ঘটনায় বিএনপি নেতা ফখরুলের উপর তাদের নেতাদের হামলাই তা প্রমাণ করে। আপনারা নিজেদের অপকর্ম ও বাণিজ্যের বিষয়ে গণশুনানি করেন।
আরো পড়ুন: বিয়ের পিঁড়িতে বসছেন সানাই!
মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সরকার দেশ চালাচ্ছে বলেই উন্নয়নের ধারাবাহিকতা রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ঈর্ষনীয় সাফল্যে সারা বিশ্ব অভিভূত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবীরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবুল কাশেম অরু, সাবেক ডেপুটি কমান্ডার রহমান আলী, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী রেজাউল করিম প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ