কুমিল্লায় অস্ত্রসহ আলাউদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ সোমবার সকাল ১১টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকায় অভিযান চালায়। এ সময় দেশীয় তৈরি একটি কাটা রাইফেলসহ নগরীর উত্তর চর্থা এলাকার আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্রটি বিক্রির জন্য আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃত আলাউদ্দিনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।