কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য-শাড়ী ও মালামাল আটক

কুমিল্লায় প্রায় ৬৪ লাখ টাকা মূল্যের শাড়ী, মাদকদ্রব্য ও মালামাল আটক করা হয়েছে। কুমিল্লা কোটবাড়ীস্থ বিজিবি সেক্টর সদর দপ্তর ও ১০ বিজিবি রবিবার রাতে ও আজ সোমবার ভোরে জেলার ভারত সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব শাড়ী, মাদকদ্রব্য ও মালামাল আটক করে।
জানা গেছে, বিজিবি’র একটি বিশেষ দল আজ সোমবার জেলার সদর উপজেলার পাঁচথুবি এলাকায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করে। অপরদিকে রবিবার রাতে কুমিল্লাস্থ ১০ বিজিবি’র একাধিক বিশেষ দল জেলার সীমান্তবর্তী সুবর্ণপুর, সোনাপুর ও চৌদ্দগ্রাম বিসিক শিল্প এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় হুইস্কি, ফেনসিডিল, স্কপ সিরাপ, কাপড়, স্টিলের বোল ও প্লেটসহ ৩৩ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন মালামাল আটক করা হয়।
বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জিল্লুল হক ও ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. শহিদুর রহমান জানান, আটককৃত মাদকদ্রব্য ও মালামালের মোট মূল্য ৬৩ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা। আজ সোমবার দুপুরে আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ও অন্যান্য মালামাল কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।