ব্যাপক উত্সাহ উদ্দীপনা এবং আনন্দ ও উচ্ছাসের মধ্যে দিয়ে আজ সোমবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন রুয়েট উপাচার্য প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ।
এরপর ক্যাম্পাসে বৃক্ষরোপণ এবং সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সাড়ে ১০টায় প্রশাসনিক ভবন চত্বরে দিনব্যাপী প্রজেক্ট প্রদর্শনী এবং প্রোগ্রামিং কনটেস্ট, বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে রুয়েটের অগ্রযাত্রা ও উন্নতি কামনায় দোয়া মাহিফল, বিকেলে কেন্দ্রীয় মাঠে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রীতিক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়। প্রতিটি অনুষ্ঠানে রুয়েটের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফুতভাবে অংশগ্রহণ করেন।