চাকরি দেয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে

রাবির ৫ কর্মচারী সাময়িক বরখাস্ত

চাকরি দেয়ার নামে প্রার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। গতকাল রবিবার রাতে বিশ্বিবিদ্যালয় সিন্ডিকেটের ৪৫৪তম সভায় উত্থাপিত অভিযোগ তদন্তের জন্য গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সাময়িকভাবে বরখাস্তরা হলেন, পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের উচ্চমান সহকারী শংকর চন্দ্র সাহা, শহীদ জিয়াউর রহমান হলের সাধারণ কর্মচারী খালিদ হোসেন সরদার, কম্পিউটার সায়েন্স বিভাগের পিয়ন সেকেন্দার আলী, গণিত বিভাগের পিয়ন হাবিবুর রহমান ও পদার্থবিজ্ঞান বিভাগের পিয়ন আব্বাস আলী। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। 
তিনি জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় চাকরি দেয়ার নাম করে চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ ছিল। এই বিষয়ে সংশ্লিষ্ট চাকরি প্রার্থী ও তাদের স্বজনরা তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেয়। ওইসব অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিয়েছে। 
তিনি আরও জানান, অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য সময় দেয়া হবে। তাদের জবাবের পরিপ্রেক্ষিতে আগামী সিন্ডিকেটের সভায় তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।