অর্থ বছরের প্রথম মাস

রাজস্ব আয়ের প্রবৃদ্ধিতে ভাটা

 
রাজস্ব আদায়ের কাঙ্খিত গতি এখনো ফিরে আসেনি। চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় সাড়ে ৮ শতাংশ বেড়েছে। অথচ গত অর্থবছরের জুলাইয়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল প্রায় ২১ শতাংশ। আর চলতি অর্থবছরে গড়ে প্রতি মাসে রাজস্ব আদায় বাড়াতে হবে ২৪ শতাংশেরও বেশি হারে। রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য দেখা গেছে।
এনবিআরের ঊর্দ্ধতন কর্মকর্তারা বলছেন, অর্থবছরের প্রথম মাসে রাজস্ব আদায় তুলনামূলক কম থাকে। পরবর্তী মাসগুলোতে রাজস্ব আদায়ের গতি বাড়তে থাকে। চলতি অর্থবছরে রাজস্বের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫৭০ কোটি টাকা। তারা বলছেন, বিগত বাজেটে রাজস্ব আদায় বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেয়ার কারণে অর্থবছরের শেষ নাগাদ এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। যদিও গত অর্থবছরে রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয় নি। এনবিআরের হিসাবে কমিয়ে আনা লক্ষ্যমাত্রা থেকেও সাড়ে ৪ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। আলোচ্য সময়ে রাজস্ব আদায়ের পরিমান ছিল ১ লাখ ২০ হাজার ৫১৩ কোটি টাকা। গত অর্থবছরের শুরুতে রাজস্বের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা। পরবর্তীতে রাজনৈতিক অচলাবস্থা আঁঁচ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এটি ১১ হাজার কোটি টাকা কমিয়ে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা করেন।
অর্থনীতিবিদরা গত অর্থবছরের শুরু থেকে রাজনৈতিক অস্থিতিশীলতার আশংকা করে রাজস্ব লক্ষ্যমাত্রা বেশি ধরা হয়েছে বলে মত দিয়েছিলেন। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) রাজস্ব আদায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা হবে বলেও মত দিয়েছিল। বছর শেষে তা-ই সত্য প্রমাণিত হয়েছে।
চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রাও বেশি ধরা হয়েছে বলে মনে করছেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা অজিজুল ইসলাম। ইত্তেফাককে তিনি বলেন, চলতি অর্থবছরে রাজনৈতিক অস্থিরতা নেই কিন্তু অনিশ্চয়তা রয়ে গেছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে এমন আহামরি গতি আসেনি যে, ২৪ শতাংশ রাজস্ব আদায় বাড়তে পারে। বাংলাদেশে কোন অর্থবছরেই ২৪ শতাংশ রাজস্ব আদায় হয় নি উল্লেখ করে তিনি বলেন, চলতি অর্থবছরেও প্রায় দেড় লাখ কোটি টাকার রাজস্ব আদায় না হওয়ার আশংকা রয়েছে।
এনবিআরের হিসাবে গত জুলাইয়ে ৭ হাজার ৯৮৮ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৬২৯ কোটি টাকা বেশি। আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর ও অন্যান্য কর খাতে এনবিআর এই রাজস্ব আদায় করেছে। আলোচ্য সময়ে আমদানি শুল্ক আদায় ৭ দশমিক ৭৬ শতাংশ বেড়ে আদায় হয়েছে ২ হাজার ৭৭৪ কোটি টাাকা। একই সময়ে ভ্যাট ৮ শতাংশ বেড়ে আদায় হয়েছে ৩ হাজার ১৩১ কোটি টাকা। অন্যদিকে আয়কর ও অন্যান্য কর আদায় গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। গত বছর ১ হাজার ৮৮৬ কোটি টাকা আয়কর আদায় হলেও গত জুলাইয়ে ৪৮ কোটি টাকা কম আদায় হয়েছে।