শেয়ার কেলেঙ্কারী নিয়ে সরকারের অবস্থান স্বচ্ছ করার আহবান

 
নিউইয়র্কের লাগর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের দু’দিনব্যাপী ২৮তম বাংলাদেশ কনভেনশনে সোমবার বিকেলে বাংলাদেশের পুঁজিবাজারের উপর এক আলোচনায় বক্তারা বলেছেন,সরকারের যথাসময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার কারণে ভবিষ্যতে যাতে ক্ষুদ্র বিনিয়োগকারী রাতারাতি পথের ভিখারীতে না হয়, সেদিকে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। তারা বলেন, ১৯৯৬ ও ২০১০ সালে বাংলাদেশে পুঁজিবাজারে ধস সৃষ্টি করে দেশ থেকে বিপুল অর্থ হাতিয়ে বিদেশে পাচারের অভিযোগে যারা অভিবযুক্ত তাদের বিরুদ্ধে মামলা করার ব্যাপারে সরকারের অনিচ্ছার কারণে প্রশ্নের সৃষ্টি হয়েছে। সরকারকে সে প্রশ্নের জবাব দিয়ে নিজের অবস্থানকে পরিষ্কার করতে হবে।
 “শেয়ার মার্কেট নিয়ন্ত্রণে আইসিরি’র ভূমিকা” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের প্রফেসর, ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ (আইসিবি) এর চেয়ারম্যান ড. এসএম মাহফুজুর রহমান। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি একটিভিষ্ট, নর্থবেঙ্গল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হাসানুজ্জামান হাসান এবং মডারেটরের দায়িত্ব পালন করেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা: ওয়াজেদ এ খান। প্রশ্নাত্তর পর্বে অংশগ্রহণ করেন মূলধারার রাজনীতিক ও কমিউনিটি এক্টিভিষ্ট গিয়াস আহমেদ, সাংবাদিক আনোয়ার হোসেইন মঞ্জু ও শামসাদ হুশাম, এডভোকেট মুজিবুর রহমান, খন্দকার ফরহাদ হোসেন প্রমুখ।