র্যাবের অভিযানে সিদ্ধিরগঞ্জ থেকে লবণ বোঝাই ট্রাক থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকায় চেকপোস্ট বসিয়ে লবণ বোঝাই ট্রাক তল্লাশী করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ইয়াবা পাচারের দায়ে ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো ফজলু (৪৫), শ্যামল হাওলাদার (৪২) ও সাদ্দাম (৩৫)। শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় চেকপোস্ট বসিয়ে কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ আসার পথে লবণ বোঝাই ট্রাক আটক করে। ট্রাকে থাকা মাদক পাচারকারী ফজলু, শ্যামল হাওলাদার ও সাদ্দামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকা হতে ট্রাকে লবণ বোঝাই করে ঢাকার মিরপুরে যাচ্ছিল। এ সময় ট্রাক ও লবনের বস্তা তল্লাশী করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
র্যাব আরও জানায়, আটককৃতরা লবণের বস্তা ও ট্রাকের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা নিয়ে এসে ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। মাদক পাচারে ব্যবহৃত লবণ বোঝাই ট্রাকও জব্দ করা হয়।
র্যাব জানায়, আটককৃত ফজলু জব্দকৃত ট্রাকের চালক। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নিয়মিত ঢাকার কেরানীগঞ্জের এক ইয়াবা ডিলারের ইয়াবা পরিবহন করে আসছে। তারা ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মূলত ইয়াবা পরিবহন করে পাচার করে থাকে।
আরও পড়ুনঃ তেঁতুলিয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার
একই দিন সকালে নারায়নগঞ্জ ক্যাম্পের আরেকটি দল ফতুল্লা মডেল থানাধীন মাসদাইর গুদারাঘাট পতেঙ্গার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ লিমনকে (২৮) নগদ ২০০/-টাকা, ২৫ পুরিয়া হেরোইন ও ১টি মোবাইল সেটসহ হাতেনাতে গ্রেফতার করে। এরপর তাকে নারায়নগঞ্জের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এমডি শামসুল আরিফিনের আদালতে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইত্তেফাক/নূহু