সেনাবাহিনীর সঙ্গে আঁতাত করেছে ইমরান!

বহিস্কারের পর মুখ খুলতে শুরু করেছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সভাপতি জাভেদ হাশমি। রবিবার দলের প্রধান ইমরান খান তাঁকে বহিষ্কার করেন। ইসলামাবাদে পার্লামেন্ট হাউসের বাইরে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সামনে সোমবার হাশমি বলেন, ইমরান খান তাঁদের জানিয়েছিলেন, সেনাবাহিনীর সহায়তা ছাড়া আন্দোলনের পথে তারা অগ্রসর হতে পারবেন না। এমনকি ইমরান এ-ও বলেছিলেন, সেপ্টেম্বরেই নির্বাচন হবে, সব আগেভাগেই ঠিক করা হয়েছে।

হাশমি বলেন, ‘সেনাবাহিনী চেয়েছিল পিটিআইয়ের আন্দোলনকারীরা পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) নেতা তাহির-উল-কাদরির সঙ্গে একত্রে আন্দোলন করুক। এর মানে তারা এখানে এসব পরিকল্পনা নিয়েই নেমেছে। আমি জানি না, এটা ঠিক কার পরিকল্পনা। শুধু পরিকল্পনাকারীরাই এ বিষয়ে জানে।’
হাশমি মন্তব্য করেন, ইমরান খান ঝোঁকের বশে চালিত হচ্ছেন এবং তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টকে অপমানিত করছেন। পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট ও দেশের অন্যান্য প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষায় প্রয়োজনে নিজের জীবন উত্সর্গ করতে প্রস্তুত আছেন বলে জানান হাশমি।
নিজেকে এখনো পিটিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দাবি করে জাভেদ হাশমি মন্তব্য করেন, ইমরান খানের উচিত ছিল দলের সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া কিন্তু তিনি সংবিধান মানেননি।