লোহাগড়ায় দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২৫

 
 
নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে উপজেলার লাহুড়িয়ার হেচলাগাতী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের লোহাগড়া ও নড়াইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউপির হেচলাগাতী গ্রামের মফিজার মেম্বর-আয়নাল মোল্যার লোকদের সাথে মশিয়ার-আলিকদর লোকদের মধ্যে গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ বিকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ঢাল,সড়কি,রামদা,লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। এদের মধ্যে বেশরী বেগম, হিমায়েত মোল্যা, সামছু মোল্যা, মোস্তফা মোল্যা, আমিনুর রহমান, শফি মোল্যা, রজিবুল শেখ ও জিল্লু মোল্যার অবস্থা আশংকাজনক। আহতদের লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাস বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।