আজ শুরু আর্জেন্টিনার মার্টিনো যুগ

মিল-অমিল অনেক আছে। মারাকানার সেই ফাইনালের দুই প্রতিপক্ষ আর্জেন্টিনা ও জার্মানিই আজ মুখোমুখি হচ্ছে জার্মানির ডুসেলডর্ফের এস্পিরিট অ্যারেনাতে। এটুকু মিল বাদ দিলে প্রধান অমিল হল, দু দলেই সেই একাদশের শীর্ষ তারকারা থাকছেন না। লিওনেল মেসি ছাড়াও আজকের ম্যাচ মিস করছেন শোয়েনস্টেইগার, প্যালাসিও, রদ্রিগেজ, গ্যারে; সম্ভবত থাকবেন না ওজিল, লাভেজ্জিও। এর মধ্যে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন জার্মানির ফিলিপ লাম, মিরোস্লাভ ক্লোসা, মারতেসেকার।
তবে এসব কিছু নয়, অন্তত আর্জেন্টিনার কাছে আজকের ম্যাচটি একটা কারণে সবচেয়ে বেশি আলাদা—এই ম্যাচ দিয়ে আজ থেকে আর্জেন্টিনা আন্তর্জাতিক ফুটবলে ‘মার্টিনো যুগ’-এ পা রাখছে। আজই নতুন কোচ জেরার্ডো মার্টিনোর অধীনে প্রথম ম্যাচ খেলবে তারা।
সর্বশেষ মারাকারার শিরোপার চূড়ান্ত লড়াইয়ে জার্মানির কাছে ১-০ গোলে হারে দক্ষিণ আমেরিকার দলটি। এই সময়ের মধ্যেই পরিবর্তন এসেছে আর্জেন্টিনা দলের কোচিংয়ে। আলেসান্দ্রো সাবেলার স্থলাভিষিক্ত হয়েছেন বার্সেলোনার জেরার্ডো মার্টিনো। জয় দিয়েই আর্জেন্টিনা দলে কোচিং অধ্যায় শুরু করতে চান তিনি। যদিও প্রথম লড়াইয়েই কঠিন প্রতিপক্ষ জার্মানির মুখোমুখি হচ্ছে বার্সেলোনার সাবেক কোচ। এর মধ্যদিয়ে আগামী বছর অনুষ্ঠেয় কোপা আমেরিকা ঘিরে ভাল একটি ধারণা নিতে চান মার্টিনো।
মেসি না থাকায় ডুসেলডর্ফে নামার আগেই কিছুটা হোঁচট খেয়েছে মার্টিনোর আর্জেন্টিনা। গত মৌসুমে  এই টাটা মার্টিনোর অধীনেই বার্সেলোনার হয়ে খেলেছিলেন মেসি। ইনজুরির কারণে আরো বেশ ক’জন খেলোয়াড়কে পাচ্ছেন না মার্টিনো। হাঁটুর চোটে ভুগছেন রদ্রিগো প্যালাসিও, কুচকির চোটে ভুগছেন ম্যাক্সি রড্রিগেজ, পায়ের চোটে ভুগছেন ইজেকুয়েল গ্যারে। এরা সবাই ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন। পিঠের ইনজুরিতে থাকায় অনিশ্চিত ইজেকুয়েল লাভেজ্জিও।
জার্মানিও বিশ্বকাপের ফাইনাল খেলা বেশ ক’জন খেলোয়াড়কে পাচ্ছে না। দেশকে চতুর্থ বিশ্বকাপ শিরোপা এনে দেয়ার পর পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন অধিনায়ক ফিলিপ লাম, ডিফেন্ডার পার মারতেসেকার এবং বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা। পুরো ফিট না থাকায় আর্জেন্টিনার সঙ্গে প্রীতিম্যাচে দলে জায়গা পাননি মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টেইগার এবং ডিফেন্ডার শেখোদরান মুস্তাফি। এছাড়া চোটের কারণে আজকের ম্যাচে নাও দেখা যেতে পারে দলটির আর্সেনাল মিডফিল্ডার মেসুত ওজিলকে।
দু দলের লক্ষ্য এই প্রীতি ম্যাচের মধ্যদিয়ে পরিবর্তনগুলোর সঙ্গে নিজেদের মানিয়ে নেয়া। এই খেলার মধ্যদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইউরো ২০১৬ বাছাই পর্বের আগে নিজেদের ঝালাই করে নেয়ারও সুযোগ পাচ্ছে জার্মানি। আগামী রবিবার স্কটল্যান্ডের সঙ্গে মুখোমুখি হওয়ার মধ্যদিয়ে দলটির ইউরো বাছাই শুরু হবে। এই প্রস্তুতিটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন জার্মান গোলরক্ষক নয়্যার, ‘আর্জেন্টিনার বিপক্ষে খেলার মধ্য দিয়ে আমরা আবারো মাঠে ফিরছি। আশা করছি তাদের বিপক্ষে ভাল একটি খেলা হবে যার মধ্য দিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রস্তুত করে নিতে পারবো। স্কটল্যান্ড দল হিসেবে কিছুটা ভিন্ন হবে। বাছাই পর্বের প্রথম খেলায়ই তাদের বিপক্ষে জয় পাওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
এদিকে, দিনের অন্য এক প্রীতিম্যাচে ওয়েম্বলিতে নরওয়েকে হারাতে চায় স্বাগতিক ইংল্যান্ড। এর মধ্য দিয়ে ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ার দুঃসহ স্মৃতি ভুলতে চায় তারা। সেই সঙ্গে আগামী সোমবার ইউরো বাছাই পর্বে নিজেদের প্রথম লড়াইয়ে সুইজারল্যান্ডকে হারানোর রসদ অর্জন করে নিতে চায় রয় হজসনের দল। বিশ্বকাপে ব্যর্থতার পর স্টিভেন জেরার্ড ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের মতো তারকা খেলোয়াড় অবসর নেয়ায় তাদের জায়গায় ম্যাচে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন বেশ ক’জন নতুন মুখ। অভিষেক হতে পারে জ্যাক কোলব্যাক, ফ্যাবিয়ান ডেলফ, ড্যানি রোজ এবং ক্যালাম চেম্বার্সের।
ইংল্যান্ডের মতো নরওয়েও রূপান্তরের সময়ে আছে বলে জানালেন ইংল্যান্ড কোচ হজসন। অতিথিদের বিপক্ষে লড়াইটা কঠিন হবে বলেই জানালেন তিনি, ‘নরওয়েও আমাদের মতো পরিস্থিতিতে আছে। মর্টেন গ্যামস্ট পেডারসেন, ব্রেড হ্যানজেল্যান্ডের মতো বেশক’জন তারকা খেলোয়াড় আছে যারা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছে অথবা তারা ক্যারিয়ারের শেষ প্রান্তে আছে। তবে তাদের হারাতে কঠিন হবে। খেলাটি অত্যন্ত কঠিন হতে পারে।’
এছাড়া দিনের অপর প্রীতি ম্যাচগুলোতে রাশিয়া-আজারবাইজান, ইউক্রেন-মালদোভা, ডেনমার্ক-তুরস্ক, চেক প্রজাতন্ত্র-যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড-ওমান, মরক্কো-কাতার, মায়ানমার-ফিলিস্তিন মুখোমুখি হবে।-সকারওয়ে