নতুন প্রজন্মকে আরেকবার ব্যর্থ প্রমাণ করে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার এবং ফ্রেঞ্চ তারকা গায়েল মনফিলস। দ্বিতীয় বাছাই ফেদেরার এই নিয়ে গত ১১ বছরে দশমবারের মত ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন।
চতুর্থ রাউন্ডে স্প্যানিশ রবার্টো বাতিস্তাকে ৬-৪, ৬-৩, ৬-২ গেমে পরাজতি করতে অভিজ্ঞ এই সুইস তারকার খুব বেশি কষ্ট করতে হয়নি। অপর ম্যাচে ২০তম বাছাই মনফিলস সপ্তম বাছাই গ্রিগর দিমিত্রভকে ৭-৫, ৭-৬ (৮/৬), ৭-৫ গেমে পরাজিত করে শেষ আট নিশ্চিত করেন। এই নিয়ে দ্বিতীয়বারের মত নিউ ইয়র্কে শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করলেন মনফিলস। কোয়ার্টার ফাইনালে এই ফ্রেঞ্চ তারকার বিপরীতে অবশ্য ১৭বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীর জয়ের পাল্লাটা স্বাভাবিক ভাবেই ভারী। ক্যারিয়ারে নয়বারের মোকাবেলায় ফেদেরার জিতেছেন সাতটিতে আর মনফিলস দুইটিতে। এর মধ্যে ছিল সম্প্রতী সিনসিনাতি মাস্টার্সের ম্যাচটি।
রাতে অনুষ্ঠিত ২৫তম ম্যাচ জেতার পরে ফেদেরার বলেছেন, ‘সিনসিনাতিতে কঠিন তিন সেটের লড়াই হয়েছিল। গায়েল সেখানে দারুণ কিছু টেনিস খেলেছে। সে সবসময়ই বেশ আকর্ষণীয় ম্যাচ খেলে। আমি নিশ্চিত কোয়ার্টার ফাইনালে তার বিপক্ষে ম্যাচটি মোটেই সহজ হবে না।’