ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্বল্প মূলধনী কোম্পানিগুলো। এ দিন ডিএসইতে দর বাড়ার তালিকায় প্রথম ৯টিই স্বল্প মূলধন কোম্পানি। শতাংশের হিসাবে সবচেয়ে বেশি দর বেড়েছে ইনটেক অনলাইনের। এ শেয়ারটির দর বেড়েছে ১০ শতাংশ বা ১.৫ টাকা। দিনের একসময় শেয়ারটি বিক্রেতাশূন্য হয়ে পড়ে। বিগত কয়েক কার্যদিবস ধরে বেড়েছে ইনটেক অনলাইনের শেয়ার দর। দর বাড়ার কারণ জানতে চেয়ে স্টক এক্সচেঞ্জের নোটিসের বিপরীতে কোম্পানিটি জানিয়েছে এ কোম্পানির দর বৃদ্ধিতে কোনো সংবেদনশীল তথ্য নেই।
এ দিকে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। বেশি দর বাড়ার কারণে একসময় এ শেয়ারটি বিক্রেতাশূন্য হয়ে পড়ে। এ ছাড়া ওয়াটা কেমিক্যালের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭২ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৮ দশমিক ৫১ শতাংশ, নিটোল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ২৪ শতাংশ, জুট স্পিনার্সের ৮ দশমিক ২২ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৮৬ শতাংশ এবং মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৫১ শতাংশ।
তথ্যে দেখা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৫০ কোটি ৬৫ লাখ টাকার। যা আগের দিনের চেয়ে ১ কোটি ১ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২০৫টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১১৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪১ কোটি ৮৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২১৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।
জানা গেছে, সমপ্রতি আইপিওতে আসা সুহূদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামী সোমবার। গত মঙ্গলবার কোম্পানিটির লটারিতে বরাদ্দ প্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। কোম্পানির আবেদনের প্রেক্ষিতে ডিএসই কর্তৃপক্ষ আগামী সোমবার লেনদেনের তারিখ নির্ধারণ করেছে। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে মোট ১৪ কোটি টাকা সংগ্রহ করেছে।
ইঅ/চৌফে/শ৩১৯