টেক্সটাইল ও গার্মেন্টস যন্ত্রাংশে আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ৪ দিনব্যাপী টেক্সটাইল ও গার্মেন্ট খাতের যন্ত্রাংশ ও প্রযুক্তির তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। এগুলো হচ্ছে আন্তর্জাতিক টেক্সটেক বাংলাদেশ প্রদর্শনী, আন্তর্জাতিক টেক্সটাইল অ্যাপারেল টেকনোলজি ও মেশিনারি প্রদর্শনী এবং ডাইকেম বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বুধবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, জাপান, চীন, ভারত, ইতালী, তাইওয়ান, সিঙ্গাপুরসহ ১৫ দেশের ৫ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান বস্ত্র ও তৈরি পোশাক শিল্পখাতে তাদের উদ্ভাবিত পরিবেশবান্ধব পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন করছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লিয়ান ইয়ং, গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ'র সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, এশিয়ান টেক্সটাইলের কর্ণধার হারুন-অর রশিদ এবং আয়োজক প্রতিষ্ঠান সেমস গ্লোবালের এমডি মেহেরুন এ ইসলাম।