ছবির নামকরণ ইংরেজিতে আর নয়

বাংলাদেশে ছবির নামকরণ ইংরেজিতে করা যাচ্ছে না আর। সরকার এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে।
বাংলাদেশ ফিল্ম ডিরেক্টরস অফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার জানিয়েছেন, সরকার ফিল্ম ইন্ডাস্ট্রিকে বলেছে যে, ঘরোয়া কোনো ছবিতে নামকরণ বাংলায় করতে হবে।
তিনি এএফপিকে বলেছেন, আমরা ইতোমধ্যে এ ব্যাপারে মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়েছি। নির্মাতারা যেন ছবির নামকরণ ইংরেজিতে না করেন সে বিষয়ে যথাযথভাবে সবাইকে জানিয়েছি। নোটিশ বোর্ডে এটা দেয়া হয়েছে।
তিনি বলেন, প্রত্যেক মাসে ফিল্ম ডিরেক্টরস অফ অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে নতুন ছবি নিবন্ধিত হচ্ছে তার ৯০ ভাগ ছবিগুলোর নামকরণ ইংরেজিতে করা হয়েছে। এটা ‘মহামারী’ আকারে পরিণত হয়েছে।
গুলজার আরো বলেন, এখানে এ রকম একটা ধারণা তৈরি হয়েছে ইংরেজি নাম দিয়ে ছবির নামকরণ করলে তা ব্যবসাসফল হবে।