টানা তৃতীয়বারের মতো কলম্বিয়ান সোফিয়া ভারগারা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া টিভি অভিনেত্রীর তালিকায় উঠে এসেছেন। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক এবিসি’র কমেডি ‘মর্ডান ফ্যামিলি’তে অভিনয় করছেন। তার আয়ের পরিমাণ ৩৭ মিলিয়ন মার্কিন ডলার। বুধবার ফোর্বস ম্যাগাজিন এই তথ্য প্রকাশ করেছে। সূত্র: রয়টার্স।
গত বছরের মতো ভারগারা (৪২) ‘মডার্ন ফ্যামিলি’র প্রত্যেক পর্বের জন্য তিন লাখ ২৫ হাজার ডলার আয় করেছেন। টিভিতে কাজ করা ছাড়াও ভারগারা পানীয়, প্রসাধনী, কাপড় এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন।
এমি অ্যাওয়ার্ড বিজয়ী মারিসকা হারগিটি (৫০) এনবিসি’র ‘ল এন্ড অর্ডার: স্পেশাল ভিকটিম ইউনিট’ অনুষ্ঠানের জন্য ১৩ মিলিয়ন ডলার অর্জন করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
সিবিএসের ‘দ্য বিগ ব্যাং থিওরি’র ক্যালে কাউকো-সুইটিং (২৮) ১১ মিলিয়ন ডলার আয় করে তৃতীয় অবস্থানে রয়েছেন।
সিবিএসের লিগ্যাল ড্রামা ‘দ্য গুড ওয়াইফে’র জুলিয়ান্না মারগুইলিস (৪৮), এবিসি’র ড্রামা ‘গ্রে’স এনাটমি’র এলেন পোমপেও (৪৪) ও সিবিএসের ‘হাই আই মেট ইওর মাদার’ এর কোবি স্মালডারস (৩২) প্রত্যেকে ১০ মিলিয়ন ডলার আয় করে সম্মিলিতভাবে চতুর্থ অবস্থানে রয়েছেন।
ফোর্বসের এই তালিকাটি জুন ২০১৩ থেকে জুন ২০১৪ পর্যন্ত টিভিতে কাজ করা, প্রচারণা, বিজ্ঞাপনে কাজ করা, প্রতিনিধি, ম্যানেজার ও আইনজীবীদের সঙ্গে কথা বলাসহ বিভিন্ন উৎসের ট্যাক্স প্রদেয় পূর্ব আয়কে বিবেচনায় আনা হয়েছে। তবে এখানে ব্যবস্থাপনা ফি ও অন্যান্য খরচ এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।
২০১৪ সালের এই তালিকায় থাকা শীর্ষ ১০ অভিনেত্রীর মোট আয় ১৪০ মিলিয়ন ডলার। এটাকে ১০ শীর্ষ টিভি অভিনেতার মোট আয় ২১৪ মিলিয়ন ডলারের সঙ্গে তুলনা করা হয়।