পারমাণবিক ইস্যু: জেনেভায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভায় বৃহস্পতিবার নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও মার্কিন কর্মকর্তারা।  শুক্রবার পর্যন্ত এ আলোচনা চলবে। গত রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী বিল বার্নস ও সহকারি পররাষ্ট্র মন্ত্রী ওয়েন্ডি শেরম্যান।  ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান এবং ছয় জাতিগোষ্ঠীর প্রধান আলোচক ক্যাথরিন অ্যাস্টোনের তত্ত্বাবধানে আজকের বৈঠক অনুষ্ঠিত হবে।
বিশ্বের ক্ষমতাধর দেশগুলো ও ইরান গত জুলাই মাসে তেহরানের পারমাণবিক কর্মসূচি হ্রাসে একটি সমন্বিত চুক্তিতে পৌঁছাতে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধির বিষয়ে একমত হয়।  পরমাণবিক ইস্যুতে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরবর্তী বৈঠকে যাতে চূড়ান্ত চুক্তি হতে পারে তার ক্ষেত্র তৈরি করতেই মূলত তেহরান এবং ওয়াশিংটনের প্রতিনিধিদল জেনেভায় এ বৈঠকে বসছে।
বিশ্বের ক্ষমতাধর ছয় দেশের নেতৃত্বে পরবর্তী বৈঠক চলতি মাসের শেষে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘের স্থায়ী পরিষদের পাঁচ সদস্য ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এবং জার্মানী আগামী নভেম্বরের মধ্যে ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারে। খবর এএফপি