‘বিএনপি আসলে হাওয়া ভবন, আর আওয়ামী লীগ আসলে গডফাদার সৃষ্টি হয়’

 
 
 
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে হাওয়া ভবন হয়, আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে গডফাদার সৃষ্টি হয়।’ তিনি বৃহস্পতিবার লক্ষ্মীপুরে নছির আহমদ ভূঁঞা মিলনায়তনে জাতীয় পার্টির সমাবেশ ও জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রাজপথে বিএনপি নেই, আওয়ামী লীগও নেই, আছে শুধু জাতীয় পার্টি। বিএনপি আসলে তারেক রহমান আসবে, আবার হাওয়া ভবন তৈরী হবে, দেশে সন্ত্রাস বোমাবাজি হবে। আর আওয়ামী লীগ আসলে দেশে গডফাদার সৃষ্টি হবে। তাই দেশে আজ জাতীয় পার্টির দরকার। জাতীয় পার্টি শান্তির দল, জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে থাকবে।
তিনি লক্ষ্মীপুরবাসীর উদ্যেশ্যে বলেন, এখানে আমি জেলা ও উপজেলা প্রতিষ্ঠা করেছি। এখন আপনাদের প্রাণের দাবী লক্ষ্মীপুরে নৌ-বন্দর করার, আমার সাথে পানিসম্পদ মন্ত্রী আছে, আমি তাকে ধরে আপনাদের এ দাবী পুরনের ব্যবস্থা করবো। ইতিপুর্বে আপনাদের নদী ভাঙ্গন রোধে ২০০ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।
তিনি বলেন, আপনাদের এলাকায় প্রচুর সয়াবিন উত্পাদন হয়। আমি সরকারকে বলে এখানে সয়াবিন প্রসেস কারখানা স্থাপনের ব্যবস্থা করবো।
জেলা জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ নোমান এমপির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এম আর মাসুদ প্রমূখ।

পরে তিনি লক্ষ্মীপুর-০২ (রায়পুর) আসনের এমপি মোহাম্মদ নোমানকে সভাপতি ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এম আর মাসুদকে সাধারণ সম্পাদক করে জাতীয় পার্টির জেলা কমিটি ঘোষণা করেন।