আল কায়দার হুমকি: ভারতের কয়েকটি রাজ্যে সতর্কতা জারি




আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি ভারতীয় শাখা খোলা ঘোষণা দেয়ার পর ভারত কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে বলে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আল কায়েদার ভিডিওটি নিয়ে আলোচনার সময় একটি নিরাপত্তা ব্রিফিংয়ে একথা বলেন এক কর্মকর্তা। বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে এবং সতর্ক সঙ্কেতও দেয়া হয়েছে বলে জানান তিনি।
অনলাইনে প্রকাশিত এক ভিডিও বার্তায় জাওয়াহিরি ভারতীয় উপমহাদেশজুড়ে ইসলামিক শাসন চালু করা এবং জিহাদের পতাকা সমুন্নত রাখার অঙ্গীকার করেন। বুধবার প্রকাশিত ৫৫ মিনিটের ভিডিও বার্তায় উপমহাদেশে আল-কায়েদার শাখা গঠনকে বাংলাদেশ, মিয়ানমার, আসাম, গুজরাট, আহমদাবাদ ও কাশ্মিরের মুসলমানদের জন্য ‘আনন্দের খবর’ বলে অভিহিত করেন জাওয়াহিরি। বার্তায় দুইবার ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের নাম উল্লেখ করা হয়েছে।
গুজরাটের স্বরাষ্ট্র দফতরের সবচে ঊর্ধ্বতন কর্মকর্তা এসকে নন্দ বলেন, আল কায়েদার ভিডিও’র মুখে আমরা আরো বেশি সতর্ক অবস্থায় থাকব। রাজ্যের প্রতি যে হুমকি সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব। রাজ্যটিতে উচ্চমাত্রার সতর্ক সঙ্কেতের আওতায় সন্দেহজনক জায়গাগুলোতে তথ্যদাতাদের নেটওয়ার্ক আরো সক্রিয় রাখা হবে। নাম প্রকাশে অনিচ্ছক এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকতা বলেছেন, ২০০২ সালের দাঙ্গার পর থেকেই গুজরাট জঙ্গিদের বড় টার্গেট। আর এখন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার কারণে সেখানে আরো বেশি সতর্কতা জারি রাখা হবে।