বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে ঘটছে আত্মহত্যা!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করছেন। সংস্থাটির প্রতিবেদনে একে ‘বড় ধরনের গণস্বাস্থ্য সমস্যা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২০ সালের মধ্যে আত্মহত্যার হার ১০ শতাংশ কমিয়ে আনতে চায় ডব্লিউএইচও। কিন্তু মাত্র ২৮টি দেশে জাতীয়ভাবে আত্মহননের প্রবণতা প্রতিরোধের নীতিমালা রয়েছে। এ ব্যাপারে স্কুলগুলোতে আরো বেশি শিক্ষা দেয়া প্রয়োজন বলে অনেকে মনে করছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ১০ বছর ধরে বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী গবেষণা করেছে। তাদের গবেষণায় যে তথ্যগুলো বেরিয়ে এসেছে তা হচ্ছে:
• প্রতি বছর প্রায় আট লাখ মানুষ আত্মহত্যা করে
• বিশ্বব্যাপী তরুণদের (১৫ থেকে ২৯ বছর) মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ এটি
• ৭০ বছরের বেশি বয়সীদের মধ্যেও আত্মহত্যার প্রবণতা অনেক বেশি
• আত্মহত্যা করা এসব মানুষের এক তৃতীয়াংশের বাস নিম্ন বা মধ্যম আয়ের দেশে
• ধনী দেশগুলোতে নারীর তুলনায় পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তিনগুণ বেশি।
আগ্নেয়াস্ত্র ও বিষাক্ত রাসায়নিকের সহজলভ্যতা নিয়ন্ত্রণ করা সম্ভব হলে আত্মহত্যার হার কমিয়ে আনা সম্ভব বলে প্রতিবেদনে বলা হয়। সেই সঙ্গে জাতীয় নীতিমালা প্রণয়নও কার্যকর হবে বলে পরামর্শ দেয়া হয়।