চকবাজারের অগ্নিকাণ্ড নিয়ে ফখরুলের বক্তব্য বিএনপির নাশকতার ইঙ্গিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার মতো বিএনপি কোন নাশকতা করেছেন কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।
দেশে গণতন্ত্র নেই বলেই রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুন লেগেছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
শনিবার সকালে চট্টগ্রাম নগরের দেওয়ানজী পুকুর পাড় লেনের নিজের বাসভবনে কবি আবদুর রউফের কাব্যগ্রন্থ ‘দৃষ্টির গোপন গহীনে’ ও কবি মনজিল মুরাদ লাভলুর কাব্যগ্রন্থ ‘ভাঁজ ভাঙ্গা ঘ্রাণ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে এস কথা বলেন ড. হাছান মাহমুদ।
আরো পড়ুন: পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম অপসারণ শুরু
তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেব সম্পর্কে আমার ধারণাটা অনেক উচ্চ ছিল। কিন্তু ইদানিং তিনি অবান্তর কথা বলছেন। গণতন্ত্র নাই বিধায় চকবাজারে আগুন লেগেছে, এটি কী রকম দায়িত্ব-জ্ঞানহীন কথা, তা বলার অপেক্ষা রাখে না। এই বক্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল প্রকারান্তরে অগ্নিকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে তাই জানালেন।
মন্ত্রী বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপি দেশে গণতন্ত্র নাই দাবি করে মানুষের উপর পেট্রলবোমা নিক্ষেপ করে পাঁচশর বেশি মানুষকে হত্যা করেছে। সাড়ে তিন হাজার মানুষকে আগুনে ঝলসে দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার নাম দিয়ে। সেসময় পেট্রলবোমা মেরে মানুষকে যেভাবে পুড়িয়ে হত্যা করেছিল ঠিক একইভাবে চকবাজারের অগ্নিকাণ্ডের সঙ্গে কোন যোগসূত্র আছে কিনা মির্জা ফখরুলের বক্তব্য একই ধরণের নাশকতার দিকে ইঙ্গিত করে।
ড. হাছান মাহমুদ বলেন, চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুরো দেশ আজ শোকাহত, মানুষ শোকার্ত। মানুষ কিছু করতে না পারলেও নিহত-আহতদের জন্য অন্তত প্রার্থনা করছে। এই সময়ে একটি দায়িত্বশীল দল হিসেবে তাদের উচিত ছিল, জাতীয় ঐক্য প্রদর্শন করা। সেটি না করে যেকোনো ঘটনার মধ্যে রাজনীতি নিয়ে আসা সমুচিত নয়। এ ধরনের কথা বলে তারা বরং তাদের সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছেন।
ইত্তেফাক/জেডএইচ