আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দেশ যখন বন্যায় ভাসছে, বিএনপি তখন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ও চক্রান্ত-ষড়যন্ত্রে ব্যস্ত। বন্যা দুর্গতদের মাঝে তাদের কোন উপস্থিতি নেই। তিনি চক্রান্ত-ষড়যন্ত্র ও মিথ্যাচার পরিবহার করে বন্যাদুর্গতদের সাহার্য্যে এগিয়ে আসার জন্য বিএনপিসহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।
আজ শুক্রবার বিকালে সিরাজগঞ্জের কাজীপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে স্বতঃস্ফুর্ত সমাবেশে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বাঁধ ভাঙ্গা বানের পানিতে প্লাবিত কাজীপুর উপজেলার সোনামুখী, মাইজবাড়ি ও চালিতাডাঙ্গায় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখেন ও মানুষের দুঃখ দুর্দশার খোঁজ খবর নেন এবং তাদের মধ্যে নগদ অর্থ, চাল, গম ও চিড়া বিতরণ করেন। বন্যা চলাকালীন সিরাজগঞ্জে এটা তাঁর দ্বিতীয় দফায় বন্যার্ত মানুষের মাঝে উপস্থিতি এবং ত্রাণ বিতরণ কার্যক্রম।
মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া ও তাঁর দল বিএনপি জনগণের স্বার্থকে কখনো গুরুত্ব দেয়নি। তাঁর কাছে জনস্বার্থের চেয়ে ক্ষমতা দখলই বড়। তবে সময় পাল্টে গেছে। বর্তমানে সাধারন মানুষকে আর বিভ্রান্ত করা সহজ নয়।
পরে রাতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ সার্কিট হাউসে বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এসএম এমরান হোসেন, সিভিল সার্জন ডা. শামসুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে ত্রাণ বিতরণকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কাজীপুরে উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, সাধারন সম্পাদক খলিলুর রহমান, গোলাম মোস্তফা তালুকদার মধু, জিয়াউর রহমান স্বাধীন, আলী আসলাম প্রমুখ।
ইঅ/চৌফে/শ২৪৩