সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে বাসের সুপারভাইজার লাঞ্চিত করায় বিক্ষুব্ধ ছাত্ররা দুই ঘণ্টা এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে শালিশ বিচারের আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ প্রত্যাহার করে নেয়।
জানা গেছে, শনিবার সকাল আটটার দিকে শিক্ষক জয়নাল আবেদিন এনায়েতপুর কাপড়ের হাট থেকে বাসে করে স্কুলে আসার পথে গাড়ীর সুপারভাইজারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাসের সুপারভাইজার ওই শিক্ষককে লাঞ্চিত করে। ঘটনা জানার পর তৎক্ষণাৎ কয়েকশ বিক্ষুব্ধ ছাত্র স্কুল সংলগ্ন এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে দুই ঘণ্টা অবস্থান নিয়ে ওই সুপারভাইজারের শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল করে। পুলিশ শালিশ বৈঠকের মাধ্যমে বিচারের আশ্বাস দিলে ছাত্ররা তা প্রত্যাহার করে নেয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘অবরোধের ঘটনাটি ছাত্রদের ক্ষোভের বহিঃপ্রকাশ। বিষয়টি মীমাংসার জন্য ছাত্র-শিক্ষকদের আশ্বস্ত করলে তারা মেনে নিয়ে সড়ক থেকে সরে যায়। সড়কে এখন যান চলাচল স্বাভাবিক।’