পাকিস্তানে চীনা প্রেসিডেন্টের সফর স্থগিত

 
পাকিস্তানে সরকার বিরোধী বিক্ষোভের কারণে দেশটিতে চলতি মাসে নির্ধারিত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাষ্ট্রীয় সফর স্থগিত করা হয়েছে। পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ইসলামাবাদে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাষ্ট্রীয় সফর স্থগিত করা হয়েছে। দুই দেশের সরকার পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চীনা প্রেসিডেন্টের এ সফর স্থগিত করেছে। চলতি মাসে তার এ সফরের কথা ছিল।
উভয় দেশের কূটনীতিকরা চীনা প্রেসিডেন্টের পাকিস্তান সফরের নতুন তারিখ নির্ধারণে আলোচনা করছেন। পাকিস্তানে রাজনৈতিক সংকট সমাধানে বুধবার সরকারের সঙ্গে পুনরায় অলোচনা শুরু করেছে বিরোধী পক্ষ। তবে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবি নিয়ে অচলাবস্থা এখনও বিরাজ করছে।
পুলিশ ও সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে কয়েক দিন ধরে চলা সংঘর্ষে তিন জন নিহত ও কয়েকশ’ আহত হওয়ার পর নতুন করে এ আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে দেশটিতে সেনা হস্তক্ষেপের আশংকা তৈরি হয়েছে। পাকিস্তানের ইতিহাসে অর্ধেকের বেশি সময় রাষ্ট্রক্ষমতা সেনাবাহিনীর হাতে ছিল।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয় দেশ মনে করে পাকিস্তান ও চীন সকল সময়ের পরীক্ষিত বন্ধু দুটি দেশ। পারস্পরিক সহযোগিতা ও কল্যাণের জন্য যত দ্রুত সম্ভব পাকিস্তানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে উভয় পক্ষ। দুর্নীতি ও নির্বাচনে জালিয়তির অভিযোগে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে ইসলামাবাদের সুরক্ষিত রেড জোনে সম্প্রতি বেশ কিছুদিন ধরে বিক্ষোভ করে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্থান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও ধর্মীয় নেতা তাহির-উল-কাদরির দল পাকিস্থান আওয়ামী তেহরিক (পিএটি) দলের সমর্থকরা। প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাখান করেছেন। খবর এএফপি