গাইবান্ধার সুন্দরগঞ্জে শারমিন আক্তার আদুরী (২০) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগে তার স্বামী ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি পাড়ের হাটখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, দুই বছর আগে ছাপড়হাটি ইউনিয়নের খানপাড়া গ্রামের কবেদ আলীকবুরের ছেলে ওয়াসিমের সাথে একই ইউনিয়নের পাড়ের হাটখোলা গ্রামের আলম মিয়ার মেয়ে শারমিনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। কিছু দিন আগে স্বামীর সাথে ঝগড়া বিবাদের এক পর্যায়ে শারমিন আকতার তার বাবার বাড়িতে চলে আসে। শুক্রবার সন্ধ্যার পর ওয়াসিম শ্বশুড় বাড়িতে বেড়াতে আসে। খাওয়া-দাওয়া শেষে রাতে উভয়েই ঘুমিয়ে পড়ে। শনিবার ভোরে শারমিনের বাবা তার মেয়েকে ডাকতে গিয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঘরের ধর্নার সাথে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। বাড়ির লোকজন ঘরে থাকা ওয়াশিমকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অভিযোগের ভিত্তিতে ওয়াশিমকে গ্রেফতার করে।
শারমিনের পরিবারের দাবি, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়।
পুলিশ লাশের সুরতহাল রিপোর্টে গলায় এবং বাম গালে কালো চিহ্ন দেখতে পেয়েছে। এ ঘটনায় শারমিনের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।