মেক্সিকান ক্লাবে যোগ দিয়ে বিষ্মিত করলেন রোনালদিনহো

 
 
সবাইকে বিষ্মিত করে মেক্সিকোর প্রথম বিভাগের দল কুইরেটারোতে যোগ দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার রোনালদিনহো। ক্লাবটির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বিশ্বসেরা ফুটবলারের খেতাব পাওয়া এই প্লে মেকার।
সাবেক বিশ্বকাপ জয়ী এই নন্দিত ফুটবলার গত জুলাইয়ে অ্যাতলেটিকো মিনেইরোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করার পর থেকে আর কোনো ক্লাবে ডাক পাননি। এক টুইট বার্তায় ৩৪ বছর বয়সি এই ফুটবলার বলেছেন, এখান থেকে আমি সবসময় ভালবাসা পেয়ে এসেছি। তাই মেক্সিকোকেই বেছে নিয়েছি। ক্লাবটির প্রতিনিধিত্ব করার জন্য আমি প্রস্তুত।’
প্যারিস সেন্ট জার্মেই, বার্সেলোনা ও এসি মিলানের সাবেক এই তারকা বলেন, তার বর্তমান জার্সি নম্বর হচ্ছে ৪৯, যেটি তার জন্য লাকি নম্বর।
সাবেক মালিকের দুর্নীতি এবং খেলোয়াড়দের নিয়মিত পারিশ্রমিক দিতে ব্যর্থ হবার কারণে গত মৌসুমে লীগ থেকে ছিটকে পড়া ক্লাবটিতে রোনালদিনহোর অন্তর্ভুক্তি একটি বড় প্রাপ্তি। কারণ মেক্সিকান লিগে এখন তিনিই হচ্ছেন সেরা তারকা, যদিও গত বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি অসাধারণ মেধার অধিকারী ওই ব্রাজিলিয় খেলোয়াড়।
ইংলিশ নন লিগ ক্লাব বেসিংস্টোক টাউনও ষষ্ঠ টায়ারের দল গঠনের জন্য রোনালদিনহোকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল, কিন্তু সেই পথে না হেটে ভিন্ন একটি পথ বেছে নিলেন ৯৭ ম্যাচ থেকে ৩৩টি আন্তর্জাতিক গোল করা এই ব্রাজিলীয় গ্রেট।

টুইটারে প্রেরিতে বার্তায় ক্লাবটির মালিক ওলেগারিও ভাজকুয়েজ লিখেছেন, ‘আমি আপনারদের কাছে আনন্দচিত্তে জানাতে চাই, আজ থেকে তারকা রোনালদিনহো রোস্টারভুক্ত হলেন। যার অন্তর্ভুক্তিতে আমাদের ক্লাব সেরা ক্লাবের সামর্থ্য অর্জন করবে।’