আলোচনা অত্যন্ত ফলপ্রসূ: প্রধানমন্ত্রী

শনিবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর শেখ হাসিনা বলেন, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে।

শীর্ষ বৈঠকে বাংলাদেশ জাপানের সমর্থনে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। অন্যদিকে জাপান বাংলাদেশকে আগামী কয়েক বছরে ৬০০ কোটি ডলার সহায়তা দেয়ার পাশাপাশি সাগরকেন্দ্রিক বিশেষ অর্থনৈতিক এলাকা প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।
শেখ হাসিনা বলেন, “সমন্বিত অংশীদারিত্ব নীতির ওপর ভিত্তি করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রধানমন্ত্রী বলেন “আমরা দু’দেশের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা ও অংশীদারিত্ব সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেছি। পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রমকে আরো  এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি।”
শেখ হাসিনা চলতি বছরের মে মাসে জাপান সফর করেন। তার সফরের ‘অতি অল্প’ সময়ের মধ্যে শিনজো আবের বাংলাদেশ সফরে আনন্দ প্রকাশ করেন শেখ হাসিনা। জাপান সফরকালে উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন শেখ হাসিনা।
তিনি বলেন, বাংলাদেশ বিগত কয়েক বছরে আর্থ-সামাজিক ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। রূপকল্প-২০২১-কে ভিত্তি করে আমার সরকার বাংলাদেশকে উন্নয়নের এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শিনজো আবের নেতৃত্বে আগামীতে দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব এবং সুসম্পর্ক অব্যাহতভাবে বৃদ্ধি পাবে বলেও আশাপ্রকাশ করেন শেখ হাসিনা। নৈশভোজের আগে সোনারগাঁও হোটেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেন শিনজো আবে। দুই দিনের সফরে ঢাকায় আসা শিনজো আবের রোববার সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে।