নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার কারাবন্দি র্যাব সদস্য ল্যান্সনায়েক বেলাল হোসেন (৪৫) ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। শ্বাসনালী কাটা অবস্থায় শনিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলাল র্যাব-১১ এর সদস্য।
তার অবস্থা গুরুতর বলে ইত্তেফাককে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ আলী আহসান আসিফ। তিনি বলেন, “বেলালের অবস্থা আশঙ্কাজনক। গলায় গুরুতর কাটা নিয়ে সে হাসপাতালে আসে। তার শ্বাসনালীও কাটা ছিল। রোগীকে বাঁচানোই এখন আমাদের মূল কাজ।”
ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ফরমান আলীর কাছ থেকে জানা যায়, বেলাল ছিলেন নারায়ণগঞ্জ কারাগারে। সেখানেই মাঝরাতে তিনি আত্মহত্যার চেষ্টা চালান। তাকে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় রাত ১টায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাত খুনের মামলায় গত ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বেলাল। তার আগে গত ২৭ অগাস্ট তাকে আলোচিত এই হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার করা হয়।
সাত খুনে র্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ, দুই কর্মকর্তা এম এম রানা ও আরিফ হোসেন ছাড়াও পাঁচ সদস্য গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
আইনজীবীদের বক্তব্য অনুযায়ী, বেলালসহ র্যাব সদস্যরা কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারকে তুলে নিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। তবে তারা বলেছেন, তারা কর্মকর্তাদের আদেশ পালন করেছিলেন মাত্র। নজরুলের পরিবারের অভিযোগ, কাউন্সিলর নূর হোসেন র্যাবকে ৬ কোটি টাকা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।