যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে পাল্টাপাল্টি গোলাবর্ষণ

পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতির মধ্যেই দেশটির বন্দর নগরী মারিওপোল থেকে পাল্টাপাল্টি ভারি গোলাবর্ষণের আওয়াজ পাওয়া যাচ্ছে বলে খবরে জানা গেছে।
গত শুক্রবার শুরু হওয়া যুদ্ধবিরতিতে সন্তোষ প্রকাশ করেছিলেন রাশিয়া এবং ইউক্রেনের নেতারা। খবর বিবিসির।
তবে, রেডক্রস বলছে, ভারী গোলাবর্ষণের কারণে তাদের বেশকিছু ত্রাণবাহী ট্রাক বিদ্রোহী-নিয়ন্ত্রিত লুহানস্কের দিক থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে। মারিওপোল থেকে বিবিসি’র একজন সংবাদদাতা জানাচ্ছেন, শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজ শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে সেগুলো সরকারি চেকপয়েন্টগুলো লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। তবে তিনি ফিরতি গোলার আওয়াজও শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।
এদিকে, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের জন্য ইউক্রেনের সরকারি বাহিনী ও রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা পরস্পরকে দোষারোপ করেছে। মস্কোতে দোনেস্ক পিপলস রিপাবলিকের স্বঘোষিত প্রধানমন্ত্রী আলেকজান্ডার জাখারশেঙ্কো অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি সঠিকভাবে পালিত হচ্ছে না। শুক্রবার দোনেস্কে সারারাত গোলাবর্ষণ করা হয়েছে। সকালে কিছুটা থামলেও, পরে আবারো শহরের দুই জায়গায় নতুন করে গোলাবর্ষণ করা হয়েছে। এ অবস্থায় পুরোপুরি যুদ্ধবিরতি চলছে সেটা আমরা বলতে পারছিনা।
এর আগে শুক্রবার শুরু হওয়া যুদ্ধবিরতিতে সন্তোষ প্রকাশ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরেশেংকো।