রাজধানীর মিটফোর্ড হাসপাতালের নার্সরা সহকর্মীকে মারধরের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন।
গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের ছয় তলার গাইনি ওয়ার্ডে শিক্ষানবিশ চিকিৎসক রকিবুল ইসলাম সুজন জ্যেষ্ঠ নার্স বকুল রানী দাসকে মারধর করেন। এরপর কাজ বন্ধ করে দেন তারা।
অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষানবিশ চিকিৎসককে বরখাস্ত করা হলেও তাকে চিকিৎসা সনদ না দেয়ার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন নার্সরা।
আজ রবিবার সকাল ৯টা থেকে প্রধান ভবনের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আন্দোলনরত সেবিকারা জানান, জরুরি সেবা দেওয়ার জন্য ১২ জন নার্স দায়িত্বে রয়েছেন।
এদিকে, হাসপাতালের উপ-পরিচালক আবু ইউসুফ বলেন, ইন্টার্ন চিকিৎসক রকিবুল ইসলাম সুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের পর সুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।