ঢাকায় আন্তর্জাতিক সাক্ষরতা সম্মেলন কাল

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আগামীকাল সোমবার রাজধানীতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিক্ষা এবং সাক্ষরতার মাধ্যমে নারীর ক্ষমতায়নের সাফল্য এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অর্জিত কৃতিত্ব বিষয়ে এ সম্মেলনে ৩৬টি দেশের প্রতিনিধি অংশ নিবেন।
এ উপলক্ষে আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে  প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ‘গার্লস অ্যান্ড ওমেন্স লিটারেসি অ্যান্ড এডুকেশন: ফাউন্ডেশনস ফর সাসটেনাবল ডেভেলপমেন্ট’ শীর্ষক এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ১৪টি দেশের প্রতিনিধিদের হাতে ইউনেস্কো লিটারেসি অ্যাওয়ার্ড তুলে দেবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ আর্ন্তজাতিক সম্মেলনের আয়োজন করছে।
মন্ত্রী বলেন, ‘দেশে সাক্ষরতার হার ৫৬ শতাংশ। এখনও আড়াই কোটি মানুষ সাক্ষরতার বাইরে আছে। আমাদের সবার লক্ষ্য দেশ থেকে নিরক্ষরতরা দূর করা।’
সর্বশেষ আদমশুমারি ও গৃহগণনা অনুযায়ী, ২০১১ সালে দেশের জনসংখ্যা ছিল ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১৫ জন।