চট্টগ্রামের পটিয়ায় ঝিনু আক্তার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল ১১টায় উপজেলার দৌলতপুর স্কুলের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঝিনু পশ্চিম পটিয়ার জুলধা ইউনিয়নের মো. ছৈয়দের স্ত্রী।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্লা মোহাম্মদ জাহাঙ্গীর জানান, সড়কের পাশের ঝোপে লাশটি দেখতে পেয়ে স্থানীয় জনগণ পুলিশে খবর দেয়। নিহতের গলায় দড়ির দাগ এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।
নিহত ঝিনুর বড় ভাই জালাল উদ্দিন রুবেল জানান, মাস ছয়েক আগে ঝিনুর সঙ্গে সিএনজি অটোরিকশা চালক ছৈয়দের সাথে তার বিয়ে হয়। গত শুক্রবার ঝিনুকে বেধড়ক পেটালে সে বাবার বাড়িতে চলে যায়। গতকাল শনিবার দুপুরে বাবা আবদুল গফুর তাকে শ্বশুর বাড়িতে নিয়ে আসে। রাতে স্বামী ছৈয়দ মোবাইল ফোনে ঝিনুর পিতাকে জানান, ঝিনু অজ্ঞান হয়ে পড়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মেডিকেলে খুঁজেও না পেয়ে চলে আসার পথে একটি মেয়ের লাশ এলাকায় পরে থাকার খবর পান। সেখানে গিয়ে তার লাশ সনাক্ত করা হয়।
রুবেলে অভিযোগ, স্বামীর সাথে বনিবনা না হওয়ার জের ধরে আমার বোনকে হত্যা করা হয়েছে।