ইত্তেফাক রিপোর্ট
স্বল্প সময়ের বাংলাদেশ সফরে ঢাকা বিশ্ববিদ্যালয় আঙিনায়ও পা রাখলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ তিনি সস্ত্রীক পরিদর্শন করেন। প্রায় ২০ মিনিট স্থায়িত্বকালের এ সফরে তিনি অনুষদের গ্যালারিতে ও প্রাঙনে শিল্প প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় জাপানের প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি চিত্রকর্ম ও ক্রেস্ট উপহার দেয়া হয়।
আজ সকাল সাড়ে নয়টায় চারুকলা অনুষদে স্ত্রী আকিয়ে অ্যাবেকে নিয়ে আগমন করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। তাদেরকে লালগালিচা অভ্যর্থনা জানান ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এর পর তিনি চারুকলার এক নম্বর গ্যালারিতে জাপানের মনবসু বৃত্তিপ্রাপ্ত শিল্পীদের এবং অংকন ও চিত্রায়ন বিভাগের শিক্ষার্থীদের প্রদর্শনী পরিদর্শন করেন। দুই নম্বর গ্যালারিতে চারুকলার জেষ্ঠ্য শিক্ষার্থীদের চিত্র প্রদর্শনী, অনুষদ প্রাঙ্গনে চারুকলার ছয় শিক্ষার্থীর চিত্রকর্ম প্রর্দশনী ঘুরে দেখেন। এ ছাড়া বাংলাদেশী শিল্পীদের তৈরী হস্ত ও কারুশিল্প প্রদর্শনীও পরিদর্শন করেন। ৯টা ৫০ মিনিটে চারুকলা প্রাঙ্গন ত্যাগ করার পূর্বে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক জাপানের প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের সম্মাননা ক্রেস্ট এবং চিত্রকর্ম উপহার দেন।
এ প্রসঙ্গে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, জাপানের প্রধানমন্ত্রী শিল্পকলা অনেক পছন্দ করেন। তার বিশেষ আগ্রহের কারণেই এই পরিদর্শনের আয়োজন করা হয়েছে। প্রদর্শিত শিল্পকর্মে বাংলাদেশের বিভিন্ন লোকজ ঐতিহ্য তুলে ধরা হয়।
ইঅ/চৌফে/শ২২০