ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের জন্য ভারতীয় দলের প্রশংসা করেছেন দেশটির সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার। তবে একই প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট সিরিজে পরাজয়কে ভোলা উচিত হবে না বলে সতর্ক উচ্চারণ করেছেন তিনি।
এনডিটিভি’র সঙ্গে আলাপকালে গাভাস্কার ইংল্যান্ডে ওয়ানডে সিরিজে ভারতীয় দলের আত্মবিশ্বাসী পারফরমেন্সের প্রশংসা করেন। ১৯৯০ সালের পর প্রতিপক্ষের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয় করল ভারত।
তিনি বলেন, ‘বিদেশের মাটিতে (ওয়ানডে) দলটি খুবই ভাল করছে।’ দলটির বর্তমান ফর্ম বিশ্বকাপ শিরোপা অক্ষুন্ন রাখতে যথেষ্ঠ হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে একই সাথে টেস্ট পারফরমেন্সও একইভাবে বিবেচনায় নিতে হবে বলে সতর্ক করেন তিনি। গাভাস্কার বলেন, ‘আমার মতে ক্রিকেটে টেস্ট ক্রিকেট সব সময়ই এক নম্বর। সকল খেলোয়াড়েরই একটা লক্ষ্য থাকে টেস্ট ক্রিকেট খেলা। এ ফর্মেটেই আপনার দক্ষতা এবং টেম্পারমেন্টের পূর্ণ পরীক্ষা হয়ে থাকে।’