রিবেরির শাস্তি হতে পারে: প্লাতিনি

 
 
আন্তর্জাতিক ফুটবল থেকে ফ্রান্সের তারকা উইঙ্গার ফ্র্যাংক রিবেরির অবসরের সিদ্ধান্তকে কোনভাবেই মেনে নিতে পারছেন না সাবেক তারকা মিশেল প্লাতিনি। বর্তমানে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার সভাপাতি প্লাতিনি বলেছেন, রিবেরি যদি ফ্রান্সের হয়ে কোনো ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় তবে তার শাস্তি পর্যন্ত হতে পারে।
ইনজুরির কারণে একেবারে শেষ মুহূর্তে ব্রাজিল বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার। তারপরই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন। এই ফ্রেঞ্চম্যানের বায়ার্ন সতীর্থ জার্মান অধিনায়ক ফিলিপ লামও বিশ্বকাপের শিরোপা জয়ের পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।
প্লাতিনি বলেন, রিবেরির এই সিদ্ধান্তে তিনি বিভ্রান্ত। একইসাথে ইঙ্গিত দিয়েছেন কোচ দিদিয়ের দেশম ডাকার পরে রিবেরি যদি খেলতে অস্বীকৃতি জানায় তবে তাকে অবশ্যই শাস্তির মুখে পড়তে হবে।