রংপুরে রোববার রাতে মোটর মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দুর্বৃত্তরাশ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা ও দুটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে। এ পরিস্থিতিতে কাল সোমবার সকাল ছয়টা থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। রংপুর বিভাগের আট জেলায় এই পরিবহন ধর্মঘট পালিত হবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোটর শ্রমিক ইউনিয়ন ও মোটর মালিক সমিতির মধ্যে রাত সাড়ে আটটায় ও সাড়ে নয়টায় দুই দফা ধাওয়া পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে তিন পুলিশ কনস্টেবলসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ৩৫টি রাবার বুলেট ছুড়েছে।
এ ব্যাপারে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ এবং মোটর মালিক সমিতির সভাপতি আবু আজগর আহমেদ সাংবাদিকদের কাছে একে অপরকে ঘটনার জন্য দায়ী হিসেবে উল্লেখ করেন।
কোতয়ালী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মিজানুর রহমান বলেন, বাস টার্মিনালে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।