রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক মোটরযান শ্রমিক নিহত হয়েছে। নিহত মো. ইয়াসিন (১৮) মিরপুরের দক্ষিণ পীরেরবাগের পাবনা গলির বাসিন্দা ছিলেন। বাসার পাশেই একটি গাড়ির গ্যারেজে মেকানিক হিসেবে তিনি কাজ করতেন।
রোববার সন্ধ্যায় মিরপুরের পীরেরবাগের আমতলা এলাকায় অজ্ঞাত পরিচয় কয়েকজন দুর্বৃত্ত ইয়াসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। ইয়াসিনের মা সেলিনা বেগম জানিয়েছেন সন্ধায় বাসা থেকে বের হন ইয়াসিন। কিছুক্ষণ পর একজন এসে খবর দেয় ইয়াসিনকে কারা পিঠে ছুরিকাঘাত করেছে। প্রথমে ইয়াসিনকে সোহরাওয়ার্দী হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাড়ির কমকর্তা মোজাম্মেল হক জানান, রাত সাড়ে ৮টায় ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।