সংবিধান সংশোধন: এমপিদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে নেতিবাচক প্রচারণার জবাব দিতে দলীয় সংসদ সদস্যদের সোচ্চার থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে তিনি এই নির্দেশ দেন বলে সাংবাদিকদের জানিয়েছেন সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ।

সংসদীয় দলের বৈঠক শেষে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর বলেছেন, যারা এর বিরুদ্ধে সমালাচনা করেন কেন বা কী কারণে করেন, সেটা জনগণের কাছে তুলে ধরতে হবে।”
ফিরোজ বলেন, “যারা এটার বিরোধিতা করে তারা সবসময় আওয়ামী লীগের সব কাজের সমালোচনা করে। জনগণের স্বার্থের যে কোনো কাজের বিরোধিতা করে। তারা এই কারণে এটা মানতে পারেন না যে, এই সংসদে এটা হোক তারা এটা মানতে রাজি নয়। কারণ তারা ১৯৭২ এর সংসদে যারা এটা করেছিলেন, সেই কামাল হোসেন, আমীর-উল ইসলাম... তারা বলে এই সংসদ বৈধ নয়।”
সংসদের চলতি অধিবেশনেই সংবিধানের সংশোধনের প্রস্তাব পাস হওয়ার ‘সম্ভাবনা’ রয়েছে বলেও জানান প্রধান হুইপ।