দু'দিন ধরে বৃষ্টি, ক্রেইগ ব্রাথওয়েটের উপহার দেয়া হতাশার পর গতকাল তৃতীয় দিন সকালটা ছিল বাংলাদেশের। এই একটু হাসি ফোটানোর কাজটা করেছিলেন তাইজুল ইসলাম। গতকাল খেলা শুরু হতেই আরও তিনটি উইকেট তুলে নিয়ে অভিষেক ইনিংসে ৫ উইকেট শিকারীদের গৌরবোজ্জ্বল তালিকায় নাম ঢুকিয়ে ফেললেন বাংলাদেশি এই তরুণ বাহাতি স্পিনার।
আর তাইজুলের এই তৃতীয় দিন সকালের ঘূর্ণিতেই বিপাকে পড়ে ইনিংস ঘোষণার আগে ৭ উইকেটে ৪৮৪ রান তুলতে পারলো ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে শেষ ৪টি উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ৫৭ রানে।
কিন্তু এই তাইজুল জাদু শেষে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দলীয় ১৮ রানেই তামিম ইকবাল ও ইমরুল কায়েস ফিরে আসেন। তারপর অবশ্য মুমিনুল হক ও সামসুর রহমান চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইনিংস মেরামত করার। ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশ ২ উইকেটে ৭১ রান তুলতে পেরেছে; মুমিনুল ২৯ ও সামসুর ৩০ রান নিয়ে উইকেটে আছেন।
এর আগে ৩ উইকেটে ৪০৭ রান নিয়ে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল উইন্ডিজ। গতকাল সকালে মাত্র ১৫ রান যোগ করেই দিনের প্রথম উইকেটের পতন ঘটলো। ২১২ রানে বিদায় নিলেন ব্রাথওয়েট। ব্যাটসম্যান যেখান থেকে দিন শেষ করলেন সেখান থেকেই যেন জ্বলে ওঠা শুরু হল অফ স্পিনার তাইজুল ইসলামের। প্রথম দিনে দুই উইকেট নিয়ে প্রতিভার কথা জানান দিয়ে রেখেছিলেন। এরপর গতকাল নিলেন তিন উইকেট। এর প্রথমটা হল ব্রাথওয়েটের। এর অর্থ দাঁড়ালে, অভিষেকেই এই তরুণ পেয়ে গেলেন পাঁচটি উইকেট। পঞ্চম বাংলাদেশি স্পিনার হিসেবে অভিষেকেই তিনি এই কীর্তি গড়লেন।
কাকতালীয় ভাবে, এই কিংসটাউনেই পাঁচ বছর আগে অভিষেকেই ৫১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল তার সামনেই এই কীর্তি গড়লেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের নবীন সদস্য তাইজুল ইসলাম।
কিংসটাউনের আর্নস ভেল গ্রাউন্ডে প্রথম দুদিন থেকে আক্ষরিক অর্থেই বাংলাদেশের প্রাপ্তি ছিল সামান্য। সেদিক থেকে গতকাল সকালের সেশনটা বাংলাদেশি বোলাদের মুখে হাসি নিয়েই হাজির হয়েছিল। ডিক্লেয়ার করার আগে ওয়েস্ট ইন্ডিজ করে ৪৮৪ রান। আগের দিনের ৪০৭ রানের সাথে আর মাত্র ৭৭ রান যোগ করতেই ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ফেলে চারটি উইকেট। একদিকে তাইজুলের ঘূর্ণি আর অন্য দিকে দ্রুত রান তোলার চাপ — সব মিলিয়ে তালগোল পাকিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। এই টেস্ট দিয়ে ১৫৭ তম টেস্ট খেলতে নামা শিবনারায়ন চন্দরপল ৮৫ রানে অপরাজিত ছিলেন। তাইজুল ইসলাম ছাড়া অপর উইকেটটি পান পেসার রুবেল হোসেন।