রংপুরে মোটর শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। আজ সোমবার সকাল থেকে রংপুর বিভাগের আট জেলায় অভ্যন্তরীণ রুটেও কোনো গাড়ি চলছে না। রাজধানীসহ সারা দেশের সঙ্গে বৃহত্তর রংপুর ও দিনাজপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এদিকে, ধর্মঘট ডাকার ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে শতশত যাত্রীকে সকালে টার্মিনাল থেকে ফিরে যেতে দেখা যায়।
রংপুর জেলা মোটর মালিক সমিতির বিরুদ্ধে হামলা ও যানবাহন ভাঙচুরের অভিযোগ তুলে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন রবিবার রাতে রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকে।
আজ সকালে হামলাকারীদের গ্রেফতর দাবিতে কেন্দ্রীয় বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শ্রমিকরা।
রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে টার্মিনালসহ জেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে পুলিশ মোতায়েন করা হয়েছে।