বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। অটিজম ও জনস্বার্থ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার পাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ সোমবার রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার এবং অটিজম বিষয়ে অসাধারণ অবদান রাখায় তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
চলতি বছর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম ত্রেপাল সিংয়েরর উদ্যোগে এই অঞ্চলের ১১টি দেশের জন্য এই পুরস্কার চালু করা হয়েছে। জনস্বাস্থ্যে অবদানের জন্য প্রতিবছর একজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।