আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

আজ ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‌‌'টেকসই উন্নয়নের মূল কথা সাক্ষরতা আর দক্ষতা (লিটারেসি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট)'। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে সারাদেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ নানা কর্মসূচির আয়োজন করেছে।
১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি নির্ধারণ করা হয়। ১৯৬৬ সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। প্রতিবছর এ দিবসটি উদযাপনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম সাক্ষরতা দিবস উদযাপিত হয়। এরই ধারাবাহিকতায় সরকার সাক্ষরতা বিস্তারে ব্যাপক উদ্যোগ গ্রহণের পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে আসছে।
দিবসটি উপলক্ষে 'গার্লস এ্যান্ড উইমেন লিটারেসি অ্যান্ড এডুকেশন : ফাউন্ডেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট' শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ সাক্ষরতায় চ্যাম্পিয়ন ১৪টি দেশের প্রতিনিধিদের হাতে ইউনেস্কো লিটারেসি অ্যাওয়ার্ড তুলে দেবেন।