বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে সরকার: মির্জা আব্বাস

 
 
 
সরকার বিএনপি’র কমিটি গঠনে সভা করতেও বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস। তিনি বলেছেন, সরকার আমাদের নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডে বাধার সৃষ্টি করছে। এটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক। সরকারের কাছ থেকে আমরা স্বাভাবিক আচরণ আশা করি না। বাধা বিপত্তি ডিঙিয়ে মহানগর বিএনপির সাংগঠনিক কর্মকা– এগিয়ে চলছে। তাই হয়তো নির্দিষ্ট টাইম ফ্র্রেমের মধ্যে পূর্ণাঙ্গ মহানগর কমিটি করা সম্ভব হবে না।
সোমবার বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির যৌথসভা শেষে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, মহানগর বিএনপির কমিটি ঘোষণার পর আজকে আমরা মূলত রিভিউ মিটিং করলাম। পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ইতিমধ্যে আমরা ১৫টি সাংগঠনিক কমিটি গঠন করেছি। সে সব কমিটি মহানগরের বিভিন্ন জায়গায় কাজ করতে বাধার সম্মুখীন হচ্ছে। সরকার আমাদের কমিটি গঠনেও বাধা সৃষ্টি করছে।
তিনি জানান, আগামী ১১ সেপ্টেম্বর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ৭ম কারামুক্তি দিবস। সে উপলক্ষে ১০ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনাসভা হবে। বৈঠকে সে বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটি ও মহানগর কমিটির সদস্য গয়েশ্বর রায়, চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য এসএ খালেক, সালাহউদ্দিন আহমেদসহ মহানগর কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।