পাঁচ সচিবের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সুপারিশ

সোমবার বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দেখিয়ে পদোন্নতি ও সুবিধা নেওয়া পাঁচ সচিবের সনদ বাতিলের সুপারিশ করে নোটিশ পাঠিয়েছে জনপ্রশাসন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে। দুদকের সচিব মাকসুদুল হাসান খানের সই করা ওই নোটিশে পাঁচ সচিবের বিরুদ্ধে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ২০০২ এর ৭(ঝ) ধারায় সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে।
যাদের সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে সেই পাঁচ সচিব হলেন পাবলিক সার্ভিস কমিশনের সচিব এ কে এম আমির হোসেন, স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিয়া, প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার।
দুদকের কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, নোটিশ অনুযায়ী দুই মন্ত্রণালয় পাঁচ সচিবের মুক্তিযোদ্ধার গেজেট বাতিল, সনদ বাতিল, অসদাচরণের দায়ে এবং মিথ্যা তথ্য দিয়ে সনদ সংগ্রহের জন্য তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে পারে।