১২ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির সতর্কতা

১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর কোনোটির ক্যাম্পাসের মালিকানা নিয়ে দ্বন্দ্ব, কোনটির কোনো কোনো ক্যাম্পাস অনুনোমোদিত এবং কোনোটির ক্যাম্পাসের অনুমোদন বাতিল হলেও আদালতের স্থগিতাদেশ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। তাই এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ইউজিসি।

বিশ্ববিদ্যালয়গুলো হলো- নর্দার্ন ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, ইবাইস ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দি পিপলস ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ও কুইন্স ইউনিভার্সিটি।  ইউজিসির ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়গুলোর ৪৮টি ক্যাম্পাসের ঠিকানাও প্রকাশ করা হয়েছে।